বুধবার, 19 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সোহরাওয়ার্দী কলেজে সাংবাদিক হেনস্তা: ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ

প্রতিবেদক
সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
বুধবার, ১৯ মার্চ ২০২৫ - ৭:০৯ অপরাহ্ন

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এক শিক্ষার্থীর সঙ্গে বিহঙ্গ পরিবহনের বাস হেলপারের দুর্ব্যবহারের জেরে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা বিহঙ্গ পরিবহনের ছয়টি বাস আটক করে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ঘটনাস্থলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের কর্মীরা উপস্থিত হন। আজ সন্ধ্যার দিকে সোহরাওয়ার্দী কলেজের এক শিক্ষার্থী বিহঙ্গ পরিবহনের একটি বাসে ওঠার পর হেলপারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। শিক্ষার্থীর অভিযোগ, বাস হেলপার তার সঙ্গে অসদাচরণ করেন।

 

 

এই ঘটনার জেরে কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিহঙ্গ পরিবহনের ছয়টি বাস আটকে রাখেন। কিছুক্ষণ পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মীরা সোহরাওয়ার্দী কলেজে এসে বাসগুলো ছেড়ে দেওয়ার জন্য আলোচনা শুরু করেন। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সংবাদ সংগ্রহ করতে যান সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নবীন সদস্য মাহবুবুর রহমান। তিনি ঘটনার ভিডিও ধারণ এবং কয়েকটি ছবি তুললে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম তা দেখতে পান। অভিযোগ উঠেছে, তিনি জোরপূর্বক মাহবুবুর রহমানের মোবাইল কেড়ে নিয়ে ভিডিওগুলো ডিলিট করে দেন এবং তাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করেন।

 

এ প্রসঙ্গে মাহবুবুর রহমান বলেন, “আমি আমার সাংবাদিক দায়িত্ব পালন করছিলাম। তখন হঠাৎ ছাত্রদল নেতা আমার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেন এবং সব ভিডিও মুছে ফেলেন। এমনকি ভবিষ্যতে সংবাদ সংগ্রহ করলে ‘দেখে নেওয়া’ হবে বলেও হুমকি দেন।”এ ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির এক সদস্য বলেন, “একজন সাংবাদিকের প্রতি এমন আচরণ নিন্দনীয়। এটি স্বাধীন সাংবাদিকতা ও শিক্ষার্থীদের তথ্য জানার অধিকারকে খর্ব করে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চাই।”

 

 

এ বিষয়ে ছাত্রদলের অভিযুক্ত নেতা কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা নিরাপত্তা ও সংবাদকর্মীদের স্বাধীনতা নিশ্চিত করার দাবিতে কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রত্যাশা করছেন। এই ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষার্থীদের দাবি, সাংবাদিকদের নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করা বন্ধ করতে হবে এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত