শনিবার, 22 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মুরাদনগরে স্ত্রীর পরকীয়া সন্দেহে সন্তানকে গলাটিপে হত্যা মসজিদের ইমামের

প্রতিবেদক
মোঃ নয়ন মিয়া , সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ - ১০:৩৩ অপরাহ্ন

কুমিল্লার মুরাদনগরে স্ত্রীর পরকীয়া সন্দেহের জেরে শিশু সন্তানকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। শনিবার দুপুরে মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত ক্বারি আবু নাঈম ওরফে নাঈম হুজুর (৪৫) উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি ঢাকার একটি মসজিদে ইমামতি করতেন। নিহত শিশু আব্দুল্লাহ ওরফে রাফসান (১৬ মাস) আবু নাঈমের তৃতীয় সন্তান।

শিশু রাফসানের মা শাহিদা আক্তার জানান, সন্তানের জন্মের পর থেকেই তার বাবা তাকে নিজের সন্তান হিসেবে মেনে নিতে পারছিলেন না। এ নিয়ে তাদের সংসারে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকাল ৯টার দিকে শিশুটিকে চিকিৎসার জন্য কুমিল্লা জেলা শহরে নিয়ে যেতে চান নাঈম। কিন্তু শিশুটির মা শাহিদা আক্তার তাদের সঙ্গে যেতে চাইলে স্বামী তাকে বাধা দেন। বিষয়টি ভালোভাবে নিতে না পেরে শাহিদা তার বড় ছেলে, ১২ বছর বয়সী আনাসকে সফরসঙ্গী হিসেবে পাঠান।

কিছুক্ষণ পর বড় ছেলে আনাস একাই বাড়ি ফিরে আসে এবং জানায়, তার বাবা তাকে মুরাদনগর সদরের বাজারে নামিয়ে দিয়ে ছোট ভাইকে নিয়ে একা কুমিল্লার দিকে চলে গেছেন। পরে বেলা ১২টার দিকে মৃত অবস্থায় রাফসানকে নিয়ে বাড়ি ফেরেন নাঈম। তিনি জানান, কুমিল্লা শহরে যাওয়ার পথে কংশনগর এলাকায় গাড়ির ভেতরেই অসুস্থতার কারণে শিশুটির মৃত্যু হয়েছে।

তবে মা শাহিদা আক্তারের দাবি, তার স্বামী দীর্ঘদিন ধরে শিশুটিকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলেন। অসুস্থতার কারণে নয়, তিনি পরিকল্পিতভাবে রাফসানকে গলাটিপে হত্যা করেছেন।

স্থানীয়রা জানান, রাফসানের জন্মের পর থেকেই স্ত্রীর পরকীয়া সন্দেহে নাঈম একাধিকবার সালিশি বৈঠক ডাকেন। প্রতিবারই তিনি শিশুটিকে মেরে ফেলার হুমকি দিতেন। তবে সালিশে স্ত্রীর পরকীয়ার কোনো প্রমাণ দিতে না পারায় স্থানীয় মাতব্বরদের পরামর্শে তারা একসঙ্গে সংসার চালিয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত হয়তো সেই সন্দেহের জেরেই নাঈম তার সন্তানকে হত্যা করেছেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শিশুটির বাবা নাঈম মিয়াকে আটক করা হয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ