বুধবার, 8 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

স্বপ্নের রক্তচুক্তি

প্রতিবেদক
মোঃ নয়ন মিয়া , সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
বুধবার, ৮ জানুয়ারি ২০২৫ - ৮:১৫ অপরাহ্ন

জীবন মাঝে মাঝে এমন পরিস্থিতিতে ফেলে, যেখানে শক্তি আর সাহস ছাড়া বাঁচার আর কোনো পথ খোলা থাকে না। আমি তখন সিলেটে ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্র। স্বপ্ন ছিল বড় হয়ে পরিবারকে গর্বিত করব। কিন্তু বাবার হঠাৎ অসুস্থতা আমাদের জীবনের সব স্বাভাবিকতা কেড়ে নিল। বাবার চিকিৎসার খরচ, সংসারের দৈনন্দিন ব্যয় আর আমার পড়াশোনার খরচ—সব একসাথে যেন পাহাড়ের মতো চেপে বসল আমাদের ওপর।

বাবা অসুস্থ হওয়ার পর আমাদের আর্থিক অবস্থা এতটাই শোচনীয় হয়ে পড়ল যে আমি মেস ভাড়াও দিতে পারছিলাম না। ইন্টারমিডিয়েটের ফাইনাল পরীক্ষার ফর্ম ফিলাপের সময় ঘনিয়ে আসছিল। প্রতিদিন অস্থিরতায় ঘুমাতে পারতাম না। মনে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খেত—”এই টাকাটা কোথা থেকে আসবে? আমার পড়াশোনা কি এখানেই শেষ হয়ে যাবে?”

কিছু আত্মীয়স্বজনের কাছে হাত পেতেছিলাম। কেউ দুঃখ প্রকাশ করল, কেউ বলল, “আমার পক্ষে সম্ভব না।” কারো মুখে কোনো সান্ত্বনা ছিল না। আশা নিয়ে নিজের আপন মামার কাছে গেলাম। ভেবেছিলাম, বিদেশে থাকেন, নিশ্চয়ই সাহায্য করবেন। কিন্তু তার শর্ত শুনে বুকটা ফেটে গেল। তিনি বললেন, “টাকা দেব, কিন্তু বাড়ির দলিল জমা রাখতে হবে।” কথাটা শুনে আমি হতবাক হয়ে গেলাম। দলিল? আমাদের কী অবস্থা, মামা জানেন না! কিছু বলার মতো ভাষা পেলাম না।

আমার তিনজন মামাই বিদেশে। তবুও কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিলেন না। এদিকে ফর্ম ফিলাপের সময় শেষ হয়ে আসছিল। মনের মধ্যে হতাশার কালো মেঘ জমে উঠছিল। একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হলো, “যদি রক্ত বিক্রি করি?” চিন্তাটা অসম্ভব শোনালেও তখন সেটাই একমাত্র উপায় মনে হচ্ছিল।

পরদিন সকালে দেরি না করে সোজা চলে গেলাম এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে গিয়ে রক্ত সংগ্রহকারীদের সঙ্গে কথা বললাম। ভয়ে কাঁপা গলায় বললাম, “আমি দুই ব্যাগ রক্ত দিতে পারি, শুধু আমার পড়াশোনার জন্য কিছু টাকা দরকার।” কথাটা বলতে বলতে চোখে পানি এসে যাচ্ছিল। তারা রাজি হলো।

রক্ত দেওয়ার সময় শরীরের ব্যথা সহ্য করছিলাম, কিন্তু মনে চলছিল আরেক ধরনের যুদ্ধ। সুইয়ের ব্যথা ততটা কষ্ট দেয়নি, যতটা আমার স্বপ্নের জন্য ত্যাগের অনুভূতি। রক্তের প্রতিটি ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল, আমি আমার ভবিষ্যতের বীজ বপন করছি।

সেদিন ছিল ২০ আগস্ট ২০২৩। রক্ত বিক্রি করে যে টাকা পেলাম, তা দিয়ে ফর্ম ফিলাপের কাজ শেষ করলাম। মেসের বাকি ভাড়াও পরিশোধ করলাম। রক্ত দেওয়ার পর শরীর ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি নেমে এসেছিল।

আজ সেই দিনটার কথা মনে হলে চোখে পানি চলে আসে। কিন্তু সেই পানি দুঃখের নয়—গর্বের। সেদিন আমি শুধু রক্ত দিইনি; আমি দিয়েছিলাম আমার স্বপ্ন পূরণের প্রতিজ্ঞা। আমি শিখেছি, কঠিন সময়েই মানুষ নিজের আসল শক্তি খুঁজে পায়।

সেদিনের ত্যাগ আমাকে নতুন করে বাঁচার শিক্ষা দিয়েছে। আমি বুঝেছি, স্বপ্ন পূরণ করতে হলে ত্যাগ করতে হয়। কাউকে পাশে পাওয়া না গেলেও নিজের স্বপ্নের জন্য নিজের লড়াই নিজেকেই করতে হয়। আমার সেই রক্তের প্রতিটি ফোঁটা আজও আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা হয়ে আছে।

লেখক-

মো. নয়ন মিয়া 

জাতীয় বিশ্ববিদ্যালয়

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জাবিপ্রবির ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক হলেন নাজমুল হুদা

নড়াইলে সেনাবাহিনীর  বিশেষ অভিযানে শুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ

পাঁচবিবির কৃষক ইরি-বোরো চাষে ব্যস্ত

নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সজল গ্রেপ্তার

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে বাকৃবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপি অমর একুশে বইমেলা

জিএসটি গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত

পাবিপ্রবি প্রেসক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামে বেসরকারি শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন