রবিবার, 15 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাবা এক নির্ভরতার ছায়া, আজ বিশ্ব বাবা দিবস

প্রতিবেদক
Delowar Mahmud
রবিবার, ১৫ জুন ২০২৫ - ৭:০৫ অপরাহ্ন

দেলোয়ার মাহমুদ, ডিআইইউ প্রতিনিধিঃ 

আজ রবিবার  (১৫ জুন)  বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব বাবা দিবস’। জুন মাসের তৃতীয় রোববার হিসেবে এই দিনে সন্তানেরা তাদের বাবার প্রতি সম্মান, শ্রদ্ধা আর অকৃত্রিম ভালোবাসা উজাড় করে দেয়। বাবারা, যারা প্রতিটি সন্তানের জীবনে পরম নির্ভরতার প্রতীক এবং এক অফুরন্ত ভালোবাসার উৎস, তাদের জন্যই বিশেষভাবে উৎসর্গীকৃত এই দিনটি।

 

এই দিনে সন্তানেরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী প্রিয় জন্মদাতার জন্য উপহার কেনে, বিশেষ খাবারের আয়োজন করে অথবা বাবার পছন্দের কোনো কাজ করে তাকে খুশি করার চেষ্টা করে। আর যাদের বাবা আজ পৃথিবীতে নেই, তারা হয়তো আকাশের দিকে তাকিয়ে স্মৃতির অতল গহ্বরে ডুব দেয়, অনুভব করে বাবার অদৃশ্য উপস্থিতি।

 

বাবা দিবসের ইতিহাস শতবর্ষের পুরোনো। বিংশ শতাব্দীর গোড়ার দিক থেকেই এর সূচনা হয়, মূলত মায়েদের পাশাপাশি বাবারাও যে সন্তানের প্রতি সমানভাবে দায়িত্বশীল এবং তাদের ত্যাগের স্বীকৃতিস্বরূপ এই দিনটি পালনের প্রয়োজনীয়তা অনুভূত হয়। পৃথিবীজুড়ে সকল বাবার প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশের ঐকান্তিক ইচ্ছা থেকেই এই দিবসের জন্ম।

 

ধারণা করা হয়, ১৯১০ সালের ১৯ জুন প্রথম বাবা দিবস পালন করা শুরু হয়েছিল। তবে শুরুর দিকে মা দিবসের মতো এটি ততটা জনপ্রিয়তা পায়নি। অনেক সময় এটি হাস্যকর বলেও মনে করা হতো। কিন্তু সময়ের সাথে সাথে এই ধারণার পরিবর্তন হতে থাকে। ১৯১৩ সালে আমেরিকান কংগ্রেসে বাবা দিবসকে ছুটির দিন ঘোষণার জন্য একটি বিল উত্থাপিত হয়। পরবর্তীতে ১৯২৪ সালে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ এই বিলের প্রতি পূর্ণ সমর্থন জানান। অবশেষে, ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন আনুষ্ঠানিকভাবে বাবা দিবসকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করেন। এরপর থেকে বিশ্বের অধিকাংশ দেশেই জুন মাসের তৃতীয় রোববার বাবা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

 

বাবা দিবসকে কেন্দ্র করে রেডিও ও টেলিভিশন চ্যানেলগুলোতে বিশেষ নাটক, টকশো এবং নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনের মধ্য দিয়ে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের পাশাপাশি পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করার বার্তা দেওয়া হয়।

 

আজকের এই দিনে পৃথিবীর সকল বাবার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা। দৃঢ় হোক পরিবারের বন্ধন, পূর্ণতা পাক শ্রদ্ধা আর ভালোবাসার এই পবিত্র অনুভূতি।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত