বুধবার, 27 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হামলাটি ছিল পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত, দাবি বুটেক্স শিক্ষার্থীদের

প্রতিবেদক
মোঃ তাওকীর তাজাম্মুল, বুটেক্স প্রতিনিধি
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ - ৪:০৩ অপরাহ্ন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীদের ওপর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বুটেক্স শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে বুটেক্স শিক্ষার্থীরা তাদের বক্তব্য স্পষ্ট করেছেন।

বুধবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সামনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাদের বক্তব্য তুলে ধরেন।
বুটেক্স শিক্ষার্থীরা দাবি করেন, তাদের ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ। কিন্তু হামলার সূত্র ধরে বিভিন্ন মিডিয়ায় ছাত্রলীগের রাজনীতিকে কেন্দ্র করে যেসব তথ্য প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। শিক্ষার্থীদের বক্তব্যে উঠে আসে, পলিটেকনিক ছাত্রদলের কিছু নেতা ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বুটেক্সের আজিজ হলে অবৈধভাবে প্রবেশ করে ঘটনার সূচনা করে।
তারা আরো বলেন, একটি গোষ্ঠী উদ্দেশ্য-প্রণোদিতভাবে বুটেক্সের আজিজ হলে হামলা চালিয়েছে এবং পলিটেকনিক শিক্ষার্থীদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। এটি একটি সুপরিকল্পিত হামলা, যেখানে কাঁচের বোতল, লোহার টুকরো, এবং অজস্র ইট-পাটকেল দিয়ে আমাদের ওপর আঘাত হানা হয়।

হামলার ভয়াবহতায় উল্লেখযোগ্য কয়েকজন শিক্ষার্থী গুরুতরভাবে আহত হন। উৎসব পাল নামের একজন শিক্ষার্থীকে আজীবনের জন্য এক চোখের দৃষ্টিশক্তি হারাতে হয়েছে। বর্তমানে চক্ষুবিজ্ঞান হাসপাতালে চিকিৎসাধীন এবং তাহসিন নামের একজন শিক্ষার্থী আইসিইউতে চিকিৎসাধীন। এ ঘটনায় আরো প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন এবং বেশ কয়েকজন গুরুতর আহত।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের মেয়ে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অপমানজনক মন্তব্য এবং হেনস্তা করা হচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ড বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

উৎসব পালের বড় ভাই উজ্জ্বল পাল সংবাদ সম্মেলনে আবেগতাড়িত হয়ে বলেন, আমার ভাই ছোটবেলা থেকে লেখাপড়ায় খুব মনোযোগী ছিল। তার স্বপ্ন ছিল বিদেশে উচ্চশিক্ষা নেয়ার। কিন্তু এই সন্ত্রাসী হামলার ফলে তার একটি চোখ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। তার মানসিক অবস্থাও ভেঙে পড়েছে এবং সে এখন বুটেক্সে অধ্যয়ন চালিয়ে যেতে আগ্রহী নয়।
উজ্জ্বল পাল আরো বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সরকারের কাছে দাবি জানাই, আমার ভাইয়ের উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানো হোক। এছাড়া, তার উচ্চশিক্ষার জন্য বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়ে সুযোগ করে দেওয়ার অনুরোধ করছি। সেই সঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে বুটেক্সের শিক্ষার্থীরা আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে এবং অনতিবিলম্বে উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচারের জন্য সরকার ও প্রশাসনের নিকট আহবান জানান এবং এ বিষয়ে সকলকে পাশে পাবার আশা করেন।

সর্বশেষ - শিক্ষা